সংবিধান মেনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী

আপডেট: July 26, 2026 |
fd 109
print news

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের নির্দেশনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার সংবিধান অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনের নির্দেশনা রয়েছে, সরকার সেভাবেই এগোবে। এ বিষয়ে অযথা বিভ্রান্ত না হয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখারও আহ্বান জানান তিনি।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে। জনদাবির পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকার চায় না অন্যায়ভাবে কেউ কষ্ট পাক। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা অনেক কমেছে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পথ নেই। প্রতিদিনই নতুন কিছু শিখতে হয়। তিনি অর্থের পেছনে না ছুটে মানুষের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, নিজের দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো আইনজীবীদের দায়িত্ব।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত এ কর্মশালায় প্রায় ১ হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবীদের সামাজিক মর্যাদা, পেশাগত সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর