নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আপডেট: July 27, 2026 |
print news

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষণার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে বসা হাজার হাজার খেলাপ্রেমী শিশু-কিশোররা মুহুর্মুহু করতালিতে তাদের আনন্দ প্রকাশ করে।

প্রধানমন্ত্রী রাজধানীর আর্মি স্টেডিয়াম মাঠে প্রবেশ করে শিশু কিশোরদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রথমেই প্রধানমন্ত্রী সরাসরি খেলোয়াড়দের কাছে চলে যান।

পরে পুরো মাঠ ঘুরে হাসিমুখে গ্যালারিতে থাকা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলার বিষয়ে উৎসাহ দেন। এ সময় মাঠে অবস্থানরত ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ আর উচ্ছ্বাসে হইহই করে ওঠে।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী করতে গত ২ মে থেকে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ (যাদের বয়সসীমা ১২ বছর থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে ধারাবাহিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

এরপরে জাতীয় পর্যায়ের খেলাগুলো হয়েছে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে।

নতুন কুঁড়ি স্পোর্টস-এর এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট— মোট আটটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশ নিয়েছে।

সমাপনী অনুষ্ঠানমালা : বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি এ স্পোর্টস-২০২৫-২৬ এ ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দু’টি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা।

বিকেল ৩টায় বালকদের ফুটবল ফাইনাল খেলাটি হয়েছে সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে। এতে সিলেট অঞ্চল ২-০ গোলে বিজয়ী হয়েছে। পরে শুরু হয়েছে বালিকাদের ফুটবল ফাইনাল।

বিকেল ৫টায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

Share Now

এই বিভাগের আরও খবর