‘শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল মাত্র, কোনো বাস্তব ভিত্তি নেই’

আপডেট: July 27, 2026 |
fd 135
print news

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে দল টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, এর কোনো বাস্তব ভিত্তি নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে ফেরা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও অত্যন্ত কঠিন হবে। দুই বছর আগের নিজেদের রিমান্ডের কথা স্মরণ করে তিনি বলেন, সাধারণ মানুষের বর্তমান মানসিকতা, রক্ত ও আত্মত্যাগের কথা বিবেচনা করলে জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফেরার কথা চিন্তা করাও অসম্ভব।

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। আগামী একনেক সভায় ওই এলাকার ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর