গণঅভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হয়ে কাজ করছিল: রাশেদ খাঁন

আপডেট: July 28, 2026 |
fd 146
print news

গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (২৮ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি- ‘গণঅভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল’- বলেও মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি! কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে!’

তিনি আরও লিখেছেন, ‘এর মূল রহস্য মাননীয় এমপি হান্নান মাসউদ স্যারের অডিও ফাঁসের মধ্য দিয়ে বুঝতে পারলাম। তার এই অডিওতে শোনা যাচ্ছে, সারজিসরা (হাসনাত- সারজিস) আন্দোলনের ….. মেরে দিবে! তারা নাহিদদের অ্যারেস্ট করিয়েছে, এবার আমাদের করানোর পরিকল্পনায় আছে। অর্থাৎ হান্নান মাসউদ স্যারের বক্তব্য মতে, গণঅভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লিখেছেন, ‘নাহিদ ইসলাম ১নং সমন্বয়ক আর আসিফ মাহমুদ ৪নং সমন্বয়ক থেকেও ছাত্র উপদেষ্টা হয়। কিন্তু ২ ও ৩নং সমন্বয়ক হয়েও সারজিস-হাসানাত উপদেষ্টা হতে পারেনি। এর উত্তর আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলেছিল— ভাই, হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কিন্তু তাদের পিছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়।’

Share Now

এই বিভাগের আরও খবর