কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবলীগ নেতাকে পেটানোর দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

সম্প্রতি, ‘কুষ্টিয়ায় জয় বাংলার স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতাকে পিটাচ্ছে বিএনপি’র সন্ত্রাসী বাহিনী।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটি কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবলীগ নেতাকে বিএনপির পেটানোর কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, কুমিল্লায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চুরির অভিযোগে যুবককে নির্যাতনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইত্তেফাকের ওয়েবসাইটে গত ৬ অক্টোবর ‘চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লায় নুরে আলম (২২) নামের এক যুবককে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিনের বরাতে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর রোববারই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা আবুল হাসেমকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে মুরগি চুরির সন্দেহে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করা হয়। আহত যুবক বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুতরাং, কুমিল্লায় এক যুবককে নির্যাতনের ভিডিও কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবলীগ নেতাকে পেটানোর দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।















