ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ১

আপডেট: August 9, 2026 |
IMG 20250812 172932 750 x 430 pixel 1
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় মোটরসাইকেল আরোহী ও পথচারির মধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

৮ আগষ্ট (শনিবার) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।

এতে গুরুতর আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের বিএনপি নেতা নুরে আলমের ছেলে নীরব (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত পথচারী আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয় যানটি।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী অর্নব গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ফোন করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলামের মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে, হরিপুর উপজেলার যাদুরাণী এলাকায় পানিতে ডুবে আনারুল (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর