জয়পুরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ জে এম আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, এছাড়া ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, মোঃ সুজন শাহিন রানাসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজলভ্য আর্থিক সেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ, মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে তরুণ উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
বক্তারা আরও বলেন, প্রকল্পটির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসইভাবে উদ্যোগ পরিচালনার জন্য সহায়তা দেওয়া হয়েছে।
এ উদ্যোগ ভবিষ্যতে যুব উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে উপকৃত উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় অংশীজন, উদ্যোক্তা, মেন্টর এবং ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।










