ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

আপডেট: August 16, 2026 |
fd 143
print news

ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে।

জানা গেছে, অভিযুক্ত জওয়ান অমরজিৎ সিং ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী রামাকে মারাত্মক শারীরিক নির্যাতন করেন। পরবর্তীতে হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে স্ত্রী ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করেন তিনি।

নিহতের পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে বিএসএফ জওয়ান অমরজিৎ সিং ছুটিতে বাড়ি ফেরেন। রাতে তিনি স্ত্রীকে নৃশংসভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ১৪ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে নিহতের পরিবারকে জানানো হয় যে, রামা ছাদ থেকে পড়ে গেছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পরিবার হাসপাতালে পৌঁছালে রামাকে মৃত অবস্থায় দেখতে পায়।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাদের দাবি, মারধরের ঘটনা লুকাতে এবং পুলিশকে বিভ্রান্ত করতেই ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজানো হয়েছিল।

নিহতের বাবা রাম চাঁদ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ে জামাইয়ের হাতে প্রতিনিয়ত নির্যাতন ও শারীরিক মানসিক হয়রানির শিকার হয়ে আসছিলেন।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিএসএফ জওয়ান অমরজিৎ সিং, তার চাচা কুলদীপ কুকি এবং চাচি সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রধান অভিযুক্ত অমরজিৎ সিংকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, তবে বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) হরপ্রেম সিং জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার পৈতৃক গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর