ইবিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হীরা মানিক, ইবি প্রতিনিধি : বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) প্রশাসন।
শনিবার (১৫ আগস্ট) দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইবি শাখা ছাত্রদলের একাত্মতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান খান, সাবেক উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী,অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও সাবেক আহবায়ক সাহেদ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন,” মহাকালের দুঃখ-বেদনার, নির্যাতিত-নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি ছড়ানোর অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট পৃথিবীতে আগমন করেছিলেন। আপোসহীন নেত্রী সম্পুর্ণ জীবনটাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।
স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এই অবিসংবাদিত নেতা বিগত সরকারের দ্বারা নিপীড়িত-নির্যাতিত হয়েছিলেন।
আজকে এই দিনে আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করব। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ্ যেন তাঁকে জান্নাত নসীব করেন।”










