জয়পুরহাটে ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক ও পরিচিতি সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তেঘর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নুরে আলম।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। এরপর নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
কমিটির নতুন সভাপতি আব্দুল আলীম এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও অভিভাবক সদস্য মোঃ তৌহিদুল ইসলাম মিলন এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মাজেদুল ইসলাম সহ অন্যান্য অতিথিদেরও শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলজার হোসেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং দলমত নির্বিশেষে সকলকে বিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
ওসি নুরে আলম বিদ্যালয়ের নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির নেতৃত্বে তেঘর উচ্চ বিদ্যালয় তার ঐতিহ্যের ধারা বজায় রেখে আরও সামনের দিকে এগিয়ে যাবে।




