বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ী গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে আলিমুদ্দীন (৪৫) ও একই গ্রামের সুভহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।
পুলিশ জানায়, ১৯ আগষ্ট (বুধবার) ভোর ৬ টায় বড়পলাশবাড়ী ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন তীরনই নদী ব্রীজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে অবস্থানকালে নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি ১০০ সিসি মোটরসাইকেলে তিনজনকে দেখতে পেয়ে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটক দুইজনের হেফাজত থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পলাতক অপর একজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।








