জবির পোগোজে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৪ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
জিপিএ-৫ প্রাপ্তসহ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, “জীবনের প্রথম ধাপে শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে।
এ সফলতাকে সামনে রেখে তাদের ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখতে হবে। আগামী দিনে দেশ ও জাতির নীতি-নির্ধারণী পর্যায়ে গিয়ে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শিক্ষক, অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে। মার্জিত আচরণ, বিনয় ও নৈতিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।
জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কাণ্ডারি হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।”
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন,” প্রতিষ্ঠানটিকে একটি সত্যিকারের ‘ল্যাবরেটরি স্কুল’ হিসেবে গড়ে তুলে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।
এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী উন্নত কারিকুলাম প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সময় লাগলেও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “এ আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।
শিক্ষার্থীদের এই কৃতিত্ব তাদের কঠোর পরিশ্রমের বহিঃপ্রকাশ। জীবনের শুরুতেই তারা যে সফলতা অর্জন করেছে, ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খান এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুস সাত্তার। তিনি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।








