জয়পুরহাটের আক্কেলপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

আপডেট: August 25, 2026 |
fd 212
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ব্র্যাকের আক্কেলপুর এরিয়া অফিসে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। “দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এ ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের চোখের রোগ নির্ণয়, চিকিৎসা ও দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৩৩২ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ৪৪ জন ছানি রোগী শনাক্ত হন। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত ১৮২ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। গুরুতর বা উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ৩৩ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে। চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল। হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান রাব্বির নেতৃত্বে এবং আউটরিচ ইনচার্জ মোঃ শিহাব আহমেদের সার্বিক তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন মোঃ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু শফি আল মাহমুদ, জয়পুরহাট জেলার ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ ইদ্রিস আলী, আক্কেলপুরের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলামসহ ব্র্যাকের শাখা ও এরিয়া পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা, চশমা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চোখের চিকিৎসার ব্যয় ও দূরত্বজনিত প্রতিবন্ধকতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে শুধু চোখের চিকিৎসাই নয়, মানুষের স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতাও ফিরিয়ে আনা সম্ভব। ভবিষ্যতেও প্রয়োজন ও সুযোগ অনুযায়ী গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একদিনে শত শত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ায় ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিতভাবে এমন ক্যাম্প আয়োজন করা হলে প্রত্যন্ত এলাকার আরও অনেক মানুষ সময়মতো চোখের রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন।

Share Now

এই বিভাগের আরও খবর