জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট: November 26, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সার্কিট হাউস মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে।

পাশাপাশি দেশীয় প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

Share Now