ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ জনের মনোনয়ন দাখিল

আপডেট: September 28, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া (সদর, রুহিয়া ও ভূল্লী) উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তার ছোট ভাই মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

পরে বিএনপির আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপির এই দুই প্রার্থী হলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তাঁদের মধ্যে একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও–১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আসনটিতে মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ ছাড়া ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকসহ শেষ দিন পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ঠাকুরগাঁও–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

Share Now

এই বিভাগের আরও খবর