সাতকানিয়ায় সম্প্রীতির বার্তা: ২০০ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ মানবতার সেবায় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এম.এইচ হজ্জ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন হাসানের উদ্যোগে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) কাঞ্চনা ইউনিয়নে আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার মোট ২০০ জন সনাতন ধর্মাবলম্বী মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহমর্মিতা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
সংগঠনের কর্তাব্যক্তিরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো এবং শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে একটি কল্যাণমুখী মানবিক সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানবতার কোনো ধর্মীয় বিভেদ নেই; মানুষের কল্যাণই হওয়া উচিত আমাদের সবার অঙ্গীকার। এই ধরনের উদ্যোগ সমাজে বিদ্যমান সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করবে।”
এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলহাজ্ব মঈন উদ্দিন হাসানের এই মহতী উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
