ইবিতে জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ককে প্রক্টরের সতর্কীকরন

আপডেট: October 20, 2026 |
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের ঝাল চত্বরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর অভিযোগে ‘জাতীয় ছাত্রশক্তি’ ইবি শাখার আহ্বায়ককে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়। একই সঙ্গে ভবিষ্যতে এই নিয়ম না মানলে জরিমানাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
​
নোটিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ঝাল চত্বরের গাছে সংগঠনটির নাম সংবলিত ব্যানার টাঙানোর ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে আহ্বায়কের দাখিল করা লিখিত জবাব ও প্রতিবাদ লিপি পর্যালোচনা করে প্রক্টর অফিস জানায়, লিখিত অনুমতি ছাড়াই ব্যানারটি টাঙানো হয়েছিল এবং দাখিল করা জবাব সন্তোষজনক নয়।

​প্রক্টর অফিসের নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আচরণবিধি (Code of Conducts of the Students)-এর ৯ নম্বর ধারা অনুযায়ী কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের মুদ্রিত বা প্রচারসামগ্রী বিতরণ ও প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
​
নোটিশে আরও বলা হয়, ভবিষ্যতে ক্যাম্পাসে ব্যানার, পোস্টার, লিফলেট, সভা বা যেকোনো কর্মসূচির আগে প্রক্টর কার্যালয়ের লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ না মানলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now