আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত: ক্যামেরন গ্রিন

আপডেট: October 25, 2026 |
fc 18
print news

চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে ফেরার জন্য প্রস্তুত ক্যামেরন গ্রিন। গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেটের নিচের অংশের পেশিতে চোট পেয়েছিলেন ক্যামেরন গ্রিন।

এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও সিরিজের শেষ টেস্টে বোলিং করতে পারবেন না এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। শনিবার নিউল্যান্ডসে অনুশীলনের সময় অবশ্য তাকে বোলিং করতে দেখা গেছে।

নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গ্রিন বলেন, ‘আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। কয়েক সপ্তাহের মধ্যেই চোট এত দ্রুত সেরে উঠেছে, কিংবা আমার শরীর যেভাবে কাজ করছে, তাতে আমি বেশ অবাক হয়েছি।’

গ্রিনের একাদশে ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ফলে গকেবেরহায় সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৩১ রানে হেরে যাওয়া অস্ট্রেলিয়া দলে অন্তত একটি পরিবর্তন আসছে। পাশাপাশি ব্যাটিং অর্ডারেও রদবদল হতে পারে।

মারনাস লাবুশেন, নিক ম্যাডিনসন ও বিউ ওয়েবস্টারের জায়গা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে লাবুশেনকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে। ম্যাডিনসনের পরিবর্তে গ্রিন দলে ফিরলে ম্যাট রেনশের ওপেনিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে নিউল্যান্ডস টেস্টে গ্রিনের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তবে তিনি কোন পজিশনে ব্যাট করবেন, তা নির্ভর করছে দলের সমন্বয় ও নির্বাচকদের পরিকল্পনার ওপর। নিশ্চিত বিষয় হলো, চোট কাটিয়ে ফিরলেও এই ম্যাচে বোলিংয়ের দায়িত্ব নিতে পারবেন না তিনি।

Share Now