সংবাদ প্রচারের জেরে প্রাণনাশের হুমকি, অবগত করেও নীরব প্রক্টর

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পরিবহনে বহিরাগত ব্যক্তির অবাধ চলাচলের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক ক্যাম্পাস সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ বরাবর লিখিত অভিযোগ ও ভিডিও বার্তা পাঠিয়েও ১৭ ঘণ্টায় কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) সহসভাপতি মোঃ আল শাহারিয়া সুইট।
সোমবার (১৬ নভেম্বর) বিষয়টি জানা যায়। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরিবহনে দীর্ঘদিন ধরেই বহিরাগত ব্যক্তিদের অবাধ চলাচল রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে বাসে এক বহিরাগত ব্যক্তিকে দেখতে পান তিনি।
এ সময় ওই ব্যক্তির ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবহিত করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও একপর্যায়ে তা মুছে ফেলেন তিনি।
সুইটের অভিযোগ, ভিডিও ধারণের পরদিন (১৫ নভেম্বর) বাসস্ট্যান্ডে একা পেয়ে ওই ব্যক্তি তাঁকে বিভিন্ন বিষয়ে কথা শোনান। একপর্যায়ে সেখানে উপস্থিত ৩-৪ জন বাসচালকের সামনেই তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই উপস্থিত বাসচালকেরা দুজনকে আলাদা করে দেন।
ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করেন সুইট। তবে প্রক্টর গাড়িতে থাকার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ তাঁর।
পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার বিস্তারিত জানিয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগও হোয়াটসঅ্যাপে পাঠান তিনি। কিন্তু অভিযোগ পাঠানোর ১৭ ঘণ্টা পার হলেও প্রক্টর তাঁর বার্তাটি দেখেননি এবংa প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন সুইট।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
একই সঙ্গে পরিবহনে বহিরাগতদের চলাচল নিয়ে প্রতিবাদ ও তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন ক্যাম্পাস সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হতে হয়েছে এমন অভিযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সাড়া না পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগী ক্যাম্পাস সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।






