ইবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ।
এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমান শোষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশের মানুষের দোয়ায় মহান আল্লাহ তাঁকে সুস্থ রেখেছেন। আজকের এ আয়োজনকে কেন্দ্র করে একাত্তরের শহীদ বীর, জুলাই অভ্যুত্থানের শহীদ, মরহুমা বেগম খালেদা জিয়াসহ দেশের জন্য দোয়া করা হবে।
তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করেন।






