মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের

কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) ভোর থেকেই দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে অবস্থান নিয়ে তাঁরা যান চলাচল বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট বন্দর এলাকার মহাসড়কে জড়ো হতে থাকেন।
একপর্যায়ে তাঁরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, অবরোধ ও অগ্নিসংযোগ চলাকালে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে বা যান চলাচল স্বাভাবিক করতে তাঁদের কোনো সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আমিসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত হয়েছি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের আমরা জ্বালাও-পোড়াও ও যেকোনো ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও স্বাভাবিক কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে উত্তেজনা বিরাজ করছিল এবং পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

