লকডাউন আর দরকার হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প

আপডেট: June 18, 2020 |
print news

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি। মারা গেছে ৮০৯ জন। তবে তাতে পরোয়া নেই ট্রাম্প প্রশাসনের। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা সংক্রমণ বাড়লেও আর লকডাউনে যাবে না যক্তরাষ্ট্র।

বুধবার (১৭ জুন) ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আর দেশ বন্ধ ঘোষণা করব না (লকডাউন)। আমাদের এটা করার দরকারও হবে না।

সম্প্রতি হোয়াইট হাউসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ল্যারি কুদলো ও কোষাগার সচিব স্টিভেন এমনুচিন বলেছেন, হয়তো আর অর্থনীতি শাটডাউন করবে না যুক্তরাষ্ট্র। তাদের এ মন্তব্যের পর এবার লকডাউনে ‘না’ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত মার্চে লকডাউন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বন্ধ হয়ে যায় অসংখ্য প্রতিষ্ঠান। বেকার হয়ে যান কয়েক কোটি মানুষ। এতে বেকায়দায় পড়েছে ট্রাম্প প্রশাসন।

করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, সবশেষ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রীতিমতো ধস নেমেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে, মার্কিনিদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে ট্রাম্পের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেছেন বাইডেন, যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। ফলে লকডাউনের ঝুঁকি আর নিতে চান না প্রেসিডেন্ট। সূত্র : আল-জাজিরা, দ্য স্টার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর