কৃত্রিম ফুলের ব্যবহার বন্ধ হলে ফুল চাষিরা অনেক লাভবান হবেন : কৃষিমন্ত্রী

আপডেট: March 11, 2021 |
print news

সব পর্যায়ে কৃত্রিম ফুলের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চত্বরে ‘বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’র উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান কৃষিমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিসিএসআইআর এ সম্মেলনের আয়োজন করে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, সরকারি, বেসরকারি, সামাজিক ও ব্যক্তিগত— সবপর্যায়ে কৃত্রিম ফুলের ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন রকমের বিচিত্র রঙের দেশি বিদেশি প্রচুর ফুল চাষ হচ্ছে। কৃত্রিম ফুলের ব্যবহার বন্ধ হলে ফুলের চাষ বাড়বে এবং ফুল চাষিরা অনেক লাভবান হবেন। একই সঙ্গে পরিবেশের ক্ষতি কমানো যাবে।

তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হতে হলে আমাদের চতুর্থ শিল্পবিপ্লবে সামিল হতে হবে। সেজন্য কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন বাড়াতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবে বিজ্ঞান ও প্রযুক্তিসম্পর্কিত বিষয় যেমন— কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ড্রোন, স্পেস টেকনোলজিসহ অত্যাধুনিক প্রযুক্তিতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে শিল্পক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষক ও বিজ্ঞানীদের আরও মনোযোগী হতে হবে।

গবেষণাকর্মে আরও এগিয়ে আসতে গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, গবেষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছেন। ফলে গবেষণায় এখন অর্থ নিয়ে কোনো সমস্যা নেই।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আমরা যারা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করছি তাদেরও নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফম রুহুল হক, সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, জার্মানি, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৭০০’র বেশি বিজ্ঞানী, গবেষক ও প্রকৌশলী সশরীরে ও ভার্চুয়ালি অংশ নিয়েছেন। ‘ভবিষ্যতের প্রযুক্তি’ প্রতিপাদ্যে সম্মেলনে ১২টি ভেন্যুতে ১ হাজারের বেশি গবেষণাকর্ম উপস্থাপন করা হবে।

বৈশাখীনিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর