চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা লেস্টারের

স্বপ্ন ছোঁয়ার খুব কাছে গিয়ে আবারও হতাশা নিয়ে ফেরার শঙ্কা জেগেছিল লেস্টার সিটির। তবে ভিএআরের সিদ্ধান্তে গোল পেল না চেলসি। প্রথমবারের মতো এফএ কাপের মুকুট পরল ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ইউরি টিলেমানসের একমাত্র গোলে জিতেছে লেস্টার।
এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনও শিরোপায় চুমু আঁকতে পারেনি লেস্টার। সেই ১৯৬৯ সালে সবশেষ উঠেছিল এর ফাইনালে। এর পর এবার সাউথ্যাম্পটনকে হারিয়ে ৫২ বছর পর তারা জায়গা করে নেয় শিরোপার মঞ্চে।
ম্যাচে লড়াইয়ের প্রথমার্ধে কোনো পক্ষই সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। বল দখলে কিছুটা এগিয়ে ছিল চেলসি, আক্রমণেও তারা। তবে একমাত্র উল্লেখযোগ্য সুযোগটা পেয়েছিল লেস্টার; জেমি ভার্ডির শট প্রতিহত করেন ডিফেন্ডার রিস জেমস।
বিরতির পর একইভাবে এগোতে থাকা ম্যাচের ৬৩তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন টিলেমানস। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার।
২০১৮ সালে চেলসির হয়ে অ্যাডেন হ্যাজার্ড ও ২০১৯ সালে ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডে ব্রুইনের পর তৃতীয় বেলজিয়ান হিসেবে এফএ কাপের ফাইনালে গোল করলেন টিলেমানস।
৮৮তম মিনিটে বেন চিলওয়েলের শট ডিফেন্ডার ওয়েস মর্গ্যানের পায়ে লেগে জালে জড়ালে হাসি ফোটে চেলসি শিবিরে। তবে, খানিক পরই ভিএআরে তা নিভে যায়। ইংলিশ এই ডিফেন্ডার খুব স্বল্প ব্যবধানে অফসাইডে ছিলেন। বাকিটা সময় আর কোনো উত্তেজনা ছড়ায়নি। চার দিন আগে প্রিমিয়ার লিগে
ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারানো ব্রেন্ডন রজার্সের দল মেতে ওঠে শিরোপা জয়ের উৎসবে।
বৈশাখী নিউজ/ বিসি








