সংঘাতের সপ্তম দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

আপডেট: May 16, 2021 |
print news

গাজা উপত্যকায় দখলদারিত্বকে কেন্দ্র করে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল হামাস ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যকার সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে।

এর আগে, গত রোববার (০৯ মে) থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে অন্তত ১৪৯ জনের, আহত হয়েছেন আরো ৯৫০ জন।

নিহতদের মধ্যে ৪১ জন শিশু। এদিকে, গাজায় হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর এই সংঘাতের উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরেও। সেখানে স্থানীয় ফিলিস্তিনি নাগরিক ও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে শনিবার অন্তত ১৩ জনের।

ফিলিস্তিনের সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন শনিবার গাজার আল শাতি শরনার্থী শিবির ইসরায়েলের সেনা বাহিনী বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়ার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা বাড়িয়ে দিয়েছে হামাস।

শনিবার ভোররাতে গাজার আল শাতি শরনার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। হামলায় ওই শরনার্থী ভবনটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়।

পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সকালে ওই শরনার্থী শিবিরে যায় ফিলিস্তিন সরকারের উদ্ধারকারী বাহিনী। সেখানে ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে একে একে উদ্ধার হয় এই দুই নারী ও সাত শিশুর মরদেহ।

উদ্ধারকারী বাহিনীর এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

ওই কর্মকর্তা আরো জানিয়েছিলেন, ধ্বংসস্তুপের ভেতরে আরো বেশ কিছু মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন তারা।

এই ঘটনার পর শনিবার দিনজুড়ে ইসরায়েলের দিকে রকেট ছুড়তে থাকে হামাস। এইদিন হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সাবেক রাজধানী ও অন্যতম প্রধান শহর তেল আবিব। হামাসের অব্যাহত রকেট হামলার এক পর্যায়ে দিশাহারা তেল আবিবের লোকজনকে বাড়িঘর ছেড়ে শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে যেতে দেখা গেছে।

ইসরায়েল সেনা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হামাসের রকেট হামলায় গত এক সপ্তাহে ইসরায়েলে নিহত হয়েছেন মোট ১০ জন, এর মধ্যে শনিবার নিহত হয়েছেন দুই জন। ওই মুখপাত্র আরও জানান, শনিবার দিনজুড়ে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েক শ রকেট ছুঁড়েছে হামাস।

অবশ্য ইসরায়েল সেনাবাহিনীও হাত গুটিয়ে বসে ছিল না। গাজার আল জাজিরা প্রতিনিধি সাফওয়াত আল কাহলোত বলেন, শনিবার পুরো গাজা উপত্যকাজুড়ে ১৫০ দফা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। এর মধ্যে শুধু গাজা শহরেই গোলাবর্ষণ হয়েছে ৬০ দফা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now