স্টার্কের কৃতিত্বে অস্ট্রেলিয়ার জয়

অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে অ্যালেক্স ক্যারির কাঁধে চড়ে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে শুভ সূচনা হলো অস্ট্রেলিয়ার। নতুন অধিনায়কের ইনিংস সেরা ব্যাটিংয়ের পর মিচেল স্টার্কের বোলিং তোপে লণ্ডভণ্ড ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। বৃষ্টি আইনে অজিরা জিতেছে ১৩৩ রানে।
বার্বাডোজের ব্রিজটাউনে বৃষ্টিতে কমে ৪৯ ওভারে দাঁড়ানো ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ২৫২ রান। জবাবে ২৬.২ ওভারে ১২৩ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারি মিডল অর্ডারে ব্যাট করতে নেমে শতাধিক রানের জুটি গড়েন অ্যাশটন টার্নারের সঙ্গে। টপ অর্ডার ব্যাটসম্যানদের ছোটখাটো অবদানে ৪ উইকেটে ১১৪ রান স্কোরবোর্ডে যোগ হওয়ার পর জুটি বাঁধেন তারা।
ক্যারির হাফ সেঞ্চুরির ইনিংস থামে ১১৪ রানের জুটি গড়ে। ৮৭ বলে ৬৭ রানে হেইডেন ওয়ালশের শিকার হন অধিনায়ক। একই ওভারে টার্নারও আউট হন। এক রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি তার। ৪৫ বলে করেন ৪৯ রান।
ক্যারির পর ২৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর আগে জশ ফিলিপ্পে (৩৯), বেন ম্যাকডারমট (২৮) ও মিচেল মার্শের (২০) ব্যাট তাদের সন্তোষজনক শুরু এনে দেয়।
ওয়ালশ ১০ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি করে পান আকিল হোসেন ও আলজারি জোসেফ।
বৃষ্টি আইনে ২৫৭ রানের লক্ষ্যে নেমে ২৭ রানের মধ্যেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্টার্কের সঙ্গে জশ হ্যাজেলউডের পেস ভেঙে দেয় তাদের ব্যাটিং লাইন আপ। কিয়েরন পোলার্ডের হাফ সেঞ্চুরিতে এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু পারেনি।
স্টার্কের এক ওভারে জোড়া আঘাতে ৩ রানের ব্যবধানে তিন ব্যাটসম্যান ফিরে যান। পোলার্ডকে ৫৬ রানে ফেরান অজি পেসার। ওয়ালশের শেষ দিকের লড়াই কেবল ব্যবধান কমায়।
স্টার্ক ৮ ওভার বল করে ৪৮ রান দিয়ে নেন ৫ উইকেট। হ্যাজেলউডের শিকার তিন উইকেট।
