খুলনার ৪ হাসপাতালে প্রাণ গেল আরও ৬ জনের

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে এক দিনে মোল্লাহাটের শারমিন (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যার মধ্যে রেড জোনে ৫২ জন, ইয়ালো জোনে ৪১ জন, আইসিইউতে ১৮ জন এবং এইচডিইউতে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মিয়াপড়া এলাকার আক্তারুজ্জামান (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের রামপালের হায়দার হোসেন (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন। এক দিনে ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

