আক্কেলপুরে পরিত্যাক্ত অবস্থায় নওগাঁয় ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার!

দেব্রত মন্ডল, আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে ছিনতাইকৃত পরিত্যাক্ত ধান বোঝায় একটি ট্রাক উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ।
গত রবিবার রাতে নওগাঁ থেকে ধান বোঝায় ট্রাকটি ছিনতাই হয়েছিল বলে থানা পুলিশ জানায়। উদ্ধার কৃত ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ জেলার হারুন মোটর্স নামক একটি প্রতিষ্ঠানের।
থানা পুলিশ ও ট্রাক চালক সূত্রে জানা যায়, গত রবিবার নওগাঁ জেলার রাণীনগর থানা ভাটকুড়ি এলাকা থেকে ১৫৩ বস্তা আতব ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
নওগাঁ জেলার মান্দা থানার শেষ প্রান্তে জলছত্র-বাবলাতলা মোড়ে অন্য একটি ট্রাক রেখে ব্যারিকেড দিয়ে প্রায় ১৩ থেকে ১৪ জন ব্যক্তি পথ অবরোধ করে চালক ও হেলপারকে মারধর করে।
ছিনতাই কারিরা নগদ ২৯ হাজার টাকা, দুটি মোবাইল কেড়ে নিয়ে তাদের হাত-পা বেঁধে ১৫৩ বস্তা ধানসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে নওগাঁ সদর থানা পুলিশ।
পরবর্তীতে বেতার বার্তার মাধ্যমে ছিনতাই হওয়া ট্রাকের বিষয়ে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ। পরিত্যাক্ত অবস্থায় আক্কেলপুর পৌর এলাকার নিচাবাজারে ট্রাকটির সন্ধান পায় আক্কেলপুর পুলিশ।
ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬৩৪৫৫) উদ্ধার করে আক্কেলপুর থানা হেফাজতে নেওয়া হয়। উদ্ধারের পর দেখা যায় ট্রাকটিতে প্রায় ৯০ বস্তা ধান রয়েছে।
ট্রাকটির চালক শাহা জামান বলেন, ‘আমাকে ও হেলপারকে মারধর করে বেঁধে রেখে ১৩ থেকে ১৪ জন ব্যক্তি ট্রাকটিসহ নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। নওগাঁ থানা পুলিশ আমাদের উদ্ধার করে। রাতে নওগাঁ থানায় ছিলাম। সকালে খবর পাই ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে’।
ট্রাকে থাকা ধানের মালিক ময়েজ উদ্দিন বলেন, ‘ট্রাকে আমার প্রায় ১৫৩ বস্তা আতব ধান ছিল। যার অনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ছিনতায়ের পর ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে খবর পেয়ে এখানে এসেছি।’
ট্রাকটির মালিক আলী হোসেন বলেন, ‘ট্রাক ছিনতায়ের বিষয়ে আমি রাত্রি আনুমানিক পৌনে ১টায় খবর পাই। পরের দিন জানতে পারি ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে। এঘটনায় এখনও কোথাও কোন অভিযোগ করিনি’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘ট্রাকটি নওগাঁ জেলা মান্দা থানার শেষ প্রান্তে ছিনতাই হয়েছে ও ভোরে আক্কেলপুর পৌরসভার পুরাতন বাজারে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আরো জানান, ট্রাক ও ধান মালিক ধানসহ ট্রাকটি ফেরৎ নিয়ে গেছেন।


