জন্মদিনে গাছের চারা বিতরণ করল ফ্যাশন ডিজাইনার সোনিয়া

নিজের জন্মদিনে মুন্সীগঞ্জের মেয়ে ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনি এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। তিনি নিজে উপস্থিত থেকে গতকাল বিকেলে গজারিয়ার ভবেরচরর বৃক্ষ ও সংস্কৃতি বিষয়ক কেন্দ্র ‘সোনারং তরুছায়া’র ‘আলী যাকের চত্বর’ এ জন্মদিনের কেক কাটেন ও বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেন। তিনি ওদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যও রাখেন।
এ প্রসঙ্গে আনুষ্ঠানিকতাটির সভাপতি ‘সোনারং তরুছায়া’র নির্বাহী পরিচালক কাজী হাসান জানান, “ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনি আমাদের ‘সোনারং তরুছায়া’র একজন উপদেষ্টাতুল্য শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষক। আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রতিবারের মতো এবারও তিনি বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়ে নিজের জন্মদিনকে বিশেষভাবে তাৎপর্যময় করে তোলায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের শিক্ষার্থীদের ইউনিট ‘সোনারং তরুছায়া গ্রীন ক্লাব’ এর সদস্যরা ‘সোনারং তরুছায়া’র বিভিন্ন গাছের কাটিং ও বীজ থেকে গত এক বছরে প্রায় ৪০০০ চারা তৈরি করেছে। তার থেকে ২০০টি চারার জন্য অর্থায়ন করেছেন তিনি। সেজন্যও আমরা তার প্রতি কৃতজ্ঞ! সেই চারাগুলো থেকে আজ কিছু বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের উপহার দেয়া হয়। আগেও দেয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে স্থানীয় আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান ও বৃক্ষপ্রেমীদের উপহার দেয়া হবে।”
স্বীকৃতিপ্রাপ্ত ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনি স্কুল জীবন থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর ভীষণ আগ্রহী ছিলেন। প্রফেশনালি কাজ করছেন বিগত আট বছর ধরে। তিনি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ফ্যাশন বিষয়ক ব্রান্ড প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন। করেছেন এবং করছেন ফিল্মের কস্টিউম ডিজাইনের কাজও। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ইতোমধ্যে দেশে নানা অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি তিনি আরব আমিরাতের একটি বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় লাভ করেছেন ‘মিস/মিসেস ইন্টারন্যাশনাল উইম্যান অব সাবস্ট্যান্স ২০২৩’ এ বেস্ট ফ্যাশন ডিজাইনারের অ্যাওয়ার্ড।
ফাশন ডিজাইনার সোনিয়া সনি’র নিজস্ব ব্র্যান্ডের নাম ‘সনি’স ফিউশন’ ও ‘সোনিয়া সনি’।তার পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুর রহমান। তার মায়ের নাম নাজমা রহমান।




