সারাদেশে আজ বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট: August 4, 2023 |
inbound1671150776434585729
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিব জানান, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে। একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে। দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে।

এর আগে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বুধবার তারেক রহমানের ৯ ও জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

ওই রায়ের প্রতিবাদে গতকাল দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে রাজশাহী, গাজীপুর ও খুলনা মহানগর; ফরিদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নীলফামারী, সুনামগঞ্জ, শরীয়তপুর, খুলনা ও কিশোরগঞ্জ জেলা; নাটোরের সিংড়া উপজেলা ও কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা রায় বাতিলের দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর