চলনবিলে উৎসবমুখর ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীদের জন্য প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে নৌকাবাইচ।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘চলনবিল নৌকাবাইচ উৎসব-২০২৩’ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে হাজারো দর্শনার্থীদের ঢল নামে।
শুক্রবার বিকেলে এ উৎসবের আয়োজন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নৌকাবাইচ উপলক্ষে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমান।
অনেকে পরিবার, প্রিয়জনকে সঙ্গে নিয়ে নৌকাবাইচ উপভোগ করতে আসেন। শিশু-কিশোর থেকে বৃদ্ধ, সবাই আগ্রহ নিয়ে ছুটে চলেন নৌকাবাইচ দেখতে।
বাঙালি সংস্কৃতি ও চলনবিলের ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিংড়া উপজেলার আত্রাই নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী ‘চলনবিল নৌকাবাইচ উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় নৌকাবাইচের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
চলনবিল নৌকাবাইচ উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন, চলনবিল নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় মিলে প্রায় অর্ধশতাধিক নৌকা অংশ নিয়েছে।
পুরো চলনবিলের মানুষ উৎসবে মেতেছেন। নদীর দু’পাড়ে মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন।
অনুষ্ঠানের উদ্যোক্তা প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী আলাহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি বলেন উন্নয়ন ও সুশাসনের পাশাপাশি আমরা চলনবিলবাসীকে সুস্থ বিনোদন উপহার দিতে চাই।
উন্নয়ন, সুশাসন, সুস্থ বিনোদন ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা সিংড়াকে উন্নত, আধুনিক, মানবিক ও স্মার্ট সিংড়া হিসেবে গড়ে তুলতে চাই।



