আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

আপডেট: September 16, 2023 |
inbound5436890072481304982
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

এসময় তিনি আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আজ ( ১৬ সেপ্টেম্বের) শনিবার বিকালে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

ঘটনাগুলো ভোর রাতে ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো বিএনপি জামাতের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী সব দলের, সব ধর্মের মানুষ। সরকারের বিরোধীতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে।

তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদেও উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

হ্যাঁ-না ভোটের হোতা জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন, জনগণ ভোট না দিলেও তিনি রাষ্ট্র প্রধান হয়ে গিয়েছিলেন।

এসময় খাদ্যমন্ত্রী বিএনপিকে গণতন্ত্র হত্যাকারী দল বলে মন্তব্য করেন এবং বিএনপি নির্বাচনে জিতলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন- এমন প্রশ্নও রাখেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা মামলা করে হয়রানি করেনি।

নওগাঁতে বিএনপি ১৪ বছর ধরে মায়ের কোলে আছে বলে মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সকল নাগরিককে এক কাতারে আনতে হবে।

সুষম উন্নয়ন করতে হবে। আর সেটা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন বলে মত প্রকাশ করে তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান।

ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ওবায়দুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন।

Share Now

এই বিভাগের আরও খবর