গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর খবরে কেন্দুয়ায় মায়ের আহাজারি

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জালাল উদ্দিন (৪০) মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জালাল উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশাটি গ্রামের ভুটিয়ারকান্দি বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার বাড়িতে গিয়ে দেখা যায়, ৭০ বছরের বৃদ্ধা মা জাহেরা খাতুন ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন।
বারবার মূর্চায় যাচ্ছেন। ছেলের মুখটা দেখার জন্য ব্যাকুল হয়ে আহাজারি করছেন। সন্তানহারা মায়ের বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এলাকার লোকজন জালাল উদ্দিন বাড়িতে এসে ভীড় জমাচ্ছে।
বৃদ্ধা মা জাহেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জালাল মোবাইলে আমার খোঁজ খবর নিত। আমার শরীরের যত্নের কথা বলত।
এখনতো জালাল আমাকে ফোন দেয় না। আমার নাতি ও বউমার কি হবে? তাদের কে দেখবে? আমার নাতী আর বাবা ডাকতে পারবে না। এতিম হয়ে গেল। আমার জালাল কোন অপরাধ করতে পারে না।
আমার স্বামী মারা যাওয়ার পর থেকে জালাল আমাকে কোন কষ্ট দেয়নি। আমাকে হাসিমুখে দেখতে চাইত। এখন আমাকে কে দেখবে?
বাশাটি গ্রামের বাসিন্দা হাইস্কুল শিক্ষক আমিনুল ইসলাম বাবুল জানান, জালাল উদ্দিন খুবই নিরীহ ও সহজ সরল প্রকৃতির ছেলে। সে স্ত্রী ও ৮ বছর বয়সী এক শিশু সন্তান মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন।
গার্মেন্টস শ্রমিক জালাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গড়াডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান সোহাগ বলেন, আমি সকালে বাশাটি গ্রামের লোকজন ও তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, গাজীপুর কোনাবাড়িতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জালাল উদ্দিন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের ভুটিয়ারকান্দি পাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে ।
রিপোর্ট লেখা পর্যন্ত জালাল উদ্দিনের মরদেহ বাড়ি পৌঁছে নি।
