হাজার পর্বে পৌছাল মাশরাফি জুনিয়র নাটক

আপডেট: March 25, 2024 |
boishakhinews 107
print news

একটি দুটি নয়, একেবারে হাজার পর্বে পা রাখল ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আগামীকাল প্রচারিত হবে নাটকটির ১০০০তম পর্ব। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ ট্যাগ লাইন নিয়ে সপ্তাহে ছয় দিন দীপ্ত টিভিতে প্রচারিত হয় নাটকটি। জানা যায়, ২০২০ সালের ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এটির প্রচার।

ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে এক নারী ক্রিকেটারের উত্থান-পতনের গল্প নিয়ে। যাকে সবাই ডাকে ‘মাশরাফি জুনিয়র’ হিসেবেই। এ কারণেই নাটকটির নাম দেওয়া হয়েছে এটি।
গল্প প্রসঙ্গে নাট্যকার আহমেদ খান হীরক জানান, স্বপ্নের মতো গ্রাম মোহনপুরে মায়ার বাঁধনে জড়িয়ে থাকা ভাইবোন মণি আর মন্ডার গল্প দিয়ে শুরু হয়েছিল ‘মাশরাফি জুনিয়র’-এর পথচলা।

ভাইকে হারিয়ে শহরে কাজ করতে আসা মণিকে আবারও ভাগ্যদোষে ফিরে যেতে হয় গ্রামেই। তবে আয়ানের বন্ধুত্ব আর ভাইকে দেওয়া কথা রাখতে মণিকে ফিরতে হয় শহরেই। আয়ানকে সারা জীবনের সঙ্গী হিসেবে পেয়েও যেন নিজের বলার মতো পরিচয় খুঁজে পাচ্ছিল না মণি। শাশুড়ি রুনার চোখ-রাঙানি আর ক্রিকেটের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে মণি অবশেষে স্বপ্নপূরণের অপেক্ষায় আছে।

অপেক্ষায় আছে জাতীয় দলের ডাকের। জাতীয় দলের একজন প্রয়োজনীয় খেলোয়াড় হয়ে পুরো বিশ্বে নিজের পরিচয় মেলে ধরাই মাশরাফি জুনিয়র অর্থাৎ মণির লক্ষ্য।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাম ভূমিকায় দর্শকনন্দিত সাফানা নমনিসহ নাটকে আরো অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজী সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমরসহ আরো অনেকে। নাটকের লাইন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছেন কিশোর খন্দকার।

সপ্তাহে ছয় দিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হয় নাটকটি।

Share Now

এই বিভাগের আরও খবর