পুলিশ হেফাজতে রায়হান হত্যা: মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হানের হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিনের মাধ্যমে কারাগার থেকে বের হয়েছেন।
রোববার (১০ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিনের নথি জমা দিয়ে তিনি মুক্তি লাভ করেন।
বিষয়টি বৈশাখী নিউজ২৪.নেট কে নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, আকবরের জামিননামা রোববার কারাগারে পৌছানোর পর যথাযথ যাচাই-বাছাই শেষে বিকেলে এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা যায়, এসআই আকবর হোসেন ভূঁইয়া ২০২০ সালের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার হন এবং তখন থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। চলতি বছরের ২৫ মার্চ থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২-তে ছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।
পরদিন গুরুতর অবস্থায় রায়হানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
রায়হানের স্ত্রী পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করলে মহানগর পুলিশের অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতনের সত্যতা পান।
তদন্তে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আকবরকে গ্রেফতার করে।
২০২১ সালের ৫ মে পিবিআই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। প্রধান অভিযুক্ত হিসেবে আনা হয়েছে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে।
মামলায় সহ অভিযুক্ত আছেন সহকারী উপ-পরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জের সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।
মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।






