বগুড়ায় গ্রেফতারের সময় ছুরিকাঘাতে আহত সাবেক কাউন্সিলর মিন্টু

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ হত্যা মামলার আসামী ও বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩)-কে গ্রেফতারের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার মানিকচক কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় লুৎফর রহমান মিন্টুকে গ্রেফতার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে লুৎফর রহমান মিন্টুকে ধরতে পুলিশ অভিযান চালায়।
এসময় স্থানীয় লোকজন জড়ো হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিন্টুর ওপর হামলা চালায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
তাঁর শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চাৎদেশে, আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি হাসান বাসির আরও জানান, মিন্টুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।














