কয়েকজনের অপরাধে পুরো বাহিনীকে কলঙ্কিত করা যাবে না: জামায়াত আমির

আপডেট: October 12, 2025 |
inbound3200787399230856499
print news

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার এজেন্ডা বাস্তবায়নে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা অন্ধভাবে সহযোগিতা করেছেন। তিনি মনে করেন, এই ব্যক্তিদের কারণেই দেশে গুম ও খুনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

জামায়াত আমির জোর দিয়ে বলেন, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে।

রোববার (১২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব কথা বলেন।

খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়। তবে, দুঃখজনকভাবে এই বাহিনীর কিছু সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন।

 

ডা. শফিকুর রহমান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। জামায়াত আমির সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।

তিনি আশা প্রকাশ করেন, কারও ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন।

তিনি মন্তব্য করেন, এর মাধ্যমে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন। দীর্ঘমেয়াদে জাতি এতে উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর