মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

আপডেট: November 4, 2025 |
inbound3328319861394488504
print news

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার চার নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

pic%20(21) 6909512cb04b4

বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের ভবিষ্যতে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা ও দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে ব্যাপক তৎপরতা চলছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতার ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now