হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে: প্রধান উপদেষ্টা

আপডেট: December 13, 2025 |
inbound6672397321474610784
print news

গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভাইয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

রাত ৯টায় এই ফোনালাপকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।’

সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।’

তিনি বলেন, ‘হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।’

এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সেসময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুলির ঘটনা ঘটে পল্টন ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

হাদিকে বহনকারী অ্যাম্বুল্যান্সটি সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে বের হয়ে এভারকেয়ারের দিকে রওনা হয়।

পরে রাত ৮টা ৫ মিনিটে অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

Share Now

এই বিভাগের আরও খবর