বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করছেন তারেক রহমান

আপডেট: December 28, 2025 |
inbound6908906321593081597
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একটি গণমাধ্যমকে দলের প্রার্থিতা সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, পার্থের পক্ষ থেকে শনিবার ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি যখন ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে, তখন কেবল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াই একাধিক আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রায় এক যুগ নির্বাসনে কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে শুধু বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন বলে জানানো হয়েছিল।

তখনই দল থেকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে—বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩—নির্বাচনে অংশ নেবেন।

এদিকে, বিএনপির শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন—এমন প্রচারে বনানী, গুলশান ও বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছিল।

তবে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ায় পার্থ ওই আসনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পার্থ তার নিজ এলাকা ভোলা-১ আসনে নির্বাচন করবেন এবং নিজ দলের নির্বাচনি প্রতীকে ভোটে অংশ নেবেন।

সূত্র: বিডি নিউজ

Share Now

এই বিভাগের আরও খবর