কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড :চসিক মেয়র

আপডেট: February 26, 2026 |
inbound7106693620715505010
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কালুরঘাট শিল্পাঞ্চলকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরই ধারাবাহিকতায় ০৫ নং মোহরা ওয়ার্ডস্থ বালী খালের ওপর ২০ মিটার দীর্ঘ একটি ব্রীজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃদপিণ্ড।

এই এলাকার টেকসই উন্নয়নের জন্য সড়ক, সেতু ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। বালী খালের ওপর এই ব্রীজটি নির্মিত হলে শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ হবে এবং যান চলাচলের সক্ষমতা বহুগুণ বাড়বে।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রকল্পের ফলে, খালের পানিপ্রবাহ বৃদ্ধি পাবে, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন আগের চেয়ে সহজ হবে।

দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে।

মেয়র জানান, শুধু বালী খাল ব্রীজই নয়, পুরো শিল্পাঞ্চলকে ঘিরে বর্তমানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

বর্তমানে চলমান প্রকল্পসমূহের মধ্যে
সিএন্ডবি বালুর টাল সংলগ্ন ২৫ মিটার আরসিসি ব্রীজ নির্মাণ, ওসমানিয়া ব্রীজ ও আরাকান রোড সংযোগ সড়ক নির্মাণ, দেওয়ান মহসিন সড়ক উন্নয়ন ও ওয়াসা রোড সংস্কার।

বিশ্বব্যাংকের কোভিড-১৯ প্রকল্পের আওতায় বিএফআইডিসি রোড সংস্কার এবং বাহির সিগন্যাল থেকে কালুরঘাট ভারী শিল্প এলাকা পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, প্রকৌশলী রিফাতুল করিম, প্রকৌশলী শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর