‘আল্লাহ! আমার বাবাকে ফিরিয়ে দাও’

আপডেট: May 19, 2026 |
inbound4538251959063042420
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: বিকেল থেকে মেঘ জমেছিল আকাশে। তখনই জমিতে কেটে রাখা ধানের আঁটির সাজানোর কথা মনে পড়ে হজরত আলী প্রামাণিকের।

সেই ধানের আঁটি যখন স্তুপাকারে জড়ো করছিলেন, তখনই শুরু হয় তুমুল বজ্রপাত। সঙ্গে বৃষ্টি। এ সময় গগনবিদারী শব্দে একের পর এক বজ্রপাত হয়। সেই বজ্রপাতে নিজের জমিতেই লুটিয়ে পড়েন হজরত আলী।

সোমবার সন্ধ্যা দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে গুরুতর আহত হন হজরত আলী। অচেতন অবস্থায় তাঁকে নেওয়া হয় প্রায় ৬ কিলোমিটার দূরের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করেন এই কৃষককে।

হজরত আলী প্রামাণিক জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা প্রামের মৃত আক্কেল আলী প্রামাণিকের ছেলে। তাঁকে মৃত ঘোষণার অল্পক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছায় তাঁর দুই শিশু সন্তান ও স্ত্রী।

বাবার মৃত্যু সংবাদ পেয়ে সেখানেই ভ্যানে বসে কাঁদছিলো হজরত আলীর ৬ বছরের কন্যা কুলসুম। সে ইতোমধ্যে জেনে গেছে, প্রাণপ্রিয় বাবা আর কোনোদিন ফিরবেন না। তাঁর বুকফাটা কান্না সামলাতে বুকে আগলে নেয় বড় ভাই বাবন প্রামাণিক।

পঞ্চম শ্রেণি পড়ুয়া বাবনের কণ্ঠে তখন বাবার প্রাণভিক্ষার আকুতি। বাবন বলছিলো, ‘আল্লাহ! আমার বাবাকে ফিরিয়ে দাও।’

নিহত হজরত আলীর ভাতিজা বাপ্পীর (২০) দেওয়া তথ্যানুযায়ী, তাঁর চাচা বিকালে মেঘ দেখে জমিতে কেটে রাখা ধানের আঁটি গুছিয়ে রাখতে যান। তখনই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

তখন সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা বাজে। এ সময় অচেতন অবস্থায় চাচাকে উদ্ধার করেন। দ্রæত সময়ের মধ্যে একটি অটো রিস্কায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। একই সময়ে বজ্রপাতে আহত হয়েছেন শিমুলিয়া ইউনিয়নের কালিশংকপুরে আজিজুলের চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লার স্ত্রী গৃহবধূ ডলি খাতুন (২০) ও খোকসা-পাংশার সীমান্তবর্তী হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী গৃহবধূ সমা পারভিন (২৫)।

তাদের তিনজনই এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরির বিভাগের চিকিৎসক শারমিন আকতার রিমা বলেন, বজ্রপাতে আহত কৃষককে হাসপাতালে আনা হয়েছিলো।

কিন্তু হাসপাতালে পৌঁছার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা কোনো চেষ্টাই করতে পারেননি। অন্য তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়ন্তী হাজরা ইউপির চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, বজ্রপাতে মারা যাওয়া কৃষক হজরত আলী খুব সহজ-সরল জীবনযাপন করতেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর