জাবিতে শিশুসাহিত্যিক রোকনুজ্জামানের স্মরণে সেমিনার

আপডেট: June 21, 2026 |
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিশুসাহিত্যিক, সাংবাদিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান ওরফে দাদাভাই স্মরণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন বাংলা বিভাগের সেমিনার কক্ষে ‘রোকনুজ্জামান খান : বাস্তবতাবোধ ও জীবনদর্শন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি এবং জাবির বাংলা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, রোকনুজ্জামান খান কেবল একজন সাহিত্যিকই ছিলেন না, বরং এদেশের শিশুকিশোরদের উন্নত মন-মনন গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।

কয়েক প্রজন্মের শিশুকিশোরদের কাছে তিনি ‘দাদাভাই’ নামে সমধিক পরিচিত। ‘কচিকাঁচার মেলা’ সংগঠন এবং দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’-এর সঙ্গে তাঁর নাম চিরকাল ওতপ্রোতভাবে জড়িত থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, রোকনুজ্জামান খান তাঁর স্বল্পসংখ্যক ছড়াকবিতার মধ্য দিয়েই ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অঙ্গীকার স্পষ্ট করেছেন।

তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে যদি আজকের দিনে শিশুকিশোরদের জন্য একটি নিরাপদ সমাজ, স্বদেশ ও বিশ্ব গঠন করা যায়, তবেই এই আয়োজন সার্থক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারহানা আখতার। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক ও গবেষক ড. আনিস রহমান।

বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আবু দায়েন। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) পিয়াস মজিদ।

Share Now

এই বিভাগের আরও খবর