প্রান্তিক বলতে কোনো বিশ্ববিদ্যালয় রাখবো না: ইউজিসি চেয়ারম্যান

হীরা মানিক, ইবি প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর জন্য সফট স্কিল নিয়ে বের হওয়ার ব্যবস্থা করতে চাই।
এজন্য প্রশিক্ষণ সব বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। আগামী ৫ বছরের মধ্যে ইন্টার্নশিপ ম্যান্ডেটরি করার প্লান করছি। এজন্য তারা আর্থিক সুবিধা পাবে। সব ক্যাম্পাসকে আমরা ডিজিটাল ট্রান্সফর্ম করবো।
পুরো ক্যাম্পাস ওয়াইফাই ও হাইস্পিড কানেক্টেড থাকবে। আমরা প্রান্তিক বলতে কোনো বিশ্ববিদ্যালয় রাখবো না।’
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত প্রোগ্রামের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের জায়গা নয়, একই সাথে দক্ষতা অর্জন করতে হয়।
এ দক্ষতা দিয়ে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তখন প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশ করার সুযোগ পাবে।
আমরা যখন ডিজিটাল ট্রান্সফরমেশন করব, তখন যেকোনো শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক কুষ্টিয়াতে বসে বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে ২৪ ঘণ্টা কানেক্টেড থাকতে পারবে।
চার অথবা পাঁচ বছর পর শিক্ষার্থীরা যখন এখান থেকে পাশ করে বের হবে, তারা হবে এ দেশের সবচাইতে দক্ষ গ্র্যাজুয়েট।
স্বাগত ও সমাপনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বলেন, আজকে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারভুক্ত হয়েছো।
তোমরা তোমাদের মেধা, একাগ্রতা, তোমাদের আন্তরিকতা, অধ্যবসায় এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একজন দক্ষ, যোগ্য, এফিশিয়েন্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও বলেন, তোমরা যে অর্থে এখানে পড়ার সুযোগ পেয়েছো, এই অর্থটি আসছে আমাদের সাধারণ মেহনতি মানুষ, কৃষকদের ট্যাক্সের টাকায়।
একই সাথে এই যে সুযোগগুলো তুমি পেয়েছো, এই সুযোগটা কাজে লাগিয়ে রাষ্ট্র, দেশ, দেশের জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করবে, সেভাবে নিজেকে তৈরি করবে।
আগামী দিনে বাংলাদেশকে তোমরাই নেতৃত্ব দেবে। বিশ্ববিদ্যালয় এই জায়গাতে সবসময় তোমাদের পাশে থাকবে এবং অতীতের মতো ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য ও প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই-সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।













