ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি প্রথার বিরোধিতায় ঠাকুরগাঁওয়ে অভিভাবকদের মানববন্ধন

আপডেট: September 28, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে (তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত) সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার বদলে লটারি প্রথা চালুর খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শহরের চৌরাস্তায় ‘সচেতন অভিভাবকবৃন্দ’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ব্যানারে তারা উল্লেখ করেন— “শিক্ষার্থীর ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হোন” এবং লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে যোগ্যতার সঠিক মূল্যায়নের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, ভর্তি পরীক্ষায় লটারি প্রথা চালু করার কারণে মেধা বিকাশের পথ রুদ্ধ হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে এবং যোগ্য প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত মেধার মূল্যায়ন পাচ্ছে না।

তারা লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার জন্য মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষকসহ বিপুল সংখ্যক সাধারণ অভিভাবক অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর