৮ লাখ ডলারের বন্ড কিনে মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের এ উদ্যোগে বিদেশিরা সরকারি কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়ে অথবা ৮ লাখ ডলারের সরকারি বন্ড কিনে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। বন্ড কিনলে তা সাত বছর ধরে রাখতে হবে।
শুক্রবার প্যারিসে এক বিনিয়োগ সম্মেলনে আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো এ কর্মসূচির ঘোষণা দেন। চলতি বছরের শেষ নাগাদ আবেদন গ্রহণ শুরু হতে পারে। দেশটির অর্থনীতিতে ডলারের প্রবাহ বাড়ানো এবং ঋণের চাপ সামলানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কর্মসূচির আওতায় আর্জেন্টিনার পাসপোর্টধারীরা বিশ্বের ১৪০টিরও বেশি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাই প্রথম এ ধরনের কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে।
তবে অর্থের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি নিয়ে অর্থপাচার ও অপরাধীদের পরিচয় গোপনের সুযোগ তৈরির আশঙ্কা রয়েছে। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত মাল্টার একই ধরনের কর্মসূচিকে বেআইনি ঘোষণা করেন।
আর্জেন্টিনা সরকার জানিয়েছে, আবেদনকারীদের পরিচয়, অপরাধের ইতিহাস ও অর্থের উৎস যাচাই করা হবে। দেশটির কোষাগারে নতুন অর্থের প্রবাহ তৈরি করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
সূত্র: ফরচুন











