ভাউচারের টাকা নিয়ে বিরোধ: পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে দুই শিক্ষকের হাতাহাতি

আপডেট: November 22, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভাউচারের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গলা চেপে ধরে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনার পর বিদ্যালয়ের অদূরে একটি চায়ের দোকানে ওই সহকারী প্রধান শিক্ষকের ওপর একদল যুবকের হামলার ঘটনা ঘটে। এতে উভয় শিক্ষক আহত হয়ে বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক কমনরুম ও পরে পৌর শহরের কাপড় মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে। আহত দুই শিক্ষক হলেন, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সাজু।

বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক কমনরুমে ভাউচারের পাওনা টাকা নিয়ে শাহজাহান কবির বকুল ও শাহজালাল সাজুর মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সহকারী শিক্ষক বাদশাসহ অন্য শিক্ষকেরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর শাহজালাল সাজুসহ পাঁচ-ছয়জন শিক্ষক বিদ্যালয়ের অদূরে কাপড় মার্কেট এলাকায় তরিকুলের চায়ের দোকানে চা পান করতে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেখানে অবস্থানকালে ১২ থেকে ১৫ জন যুবক এসে শাহজালাল সাজুর ওপর অতর্কিত হামলা চালান।

হামলাকারীরা তাঁকে কিল, ঘুষি ও লাথি মারেন এবং কলার ধরে দোকান থেকে টেনে বের করার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে দোকানের বেশ কিছু গ্লাস ভেঙে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়েন।

চিকিৎসাধীন সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সাজু বলেন, ‘বিদ্যালয়ে বকুলের কাছে আমি আমার পাওনা ভাউচারের টাকা চেয়েছিলাম।

এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে সহকর্মীদের নিয়ে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ১০-১২ জন বখাটে যুবক এসে বকুলের সঙ্গে কেন কথা হয়েছে, তা জানতে চেয়ে আমাকে মারধর করে। তারা আমার বুকে লাথি মেরেছে, হাত কেটে গেছে। আমি এখন খুব অসুস্থ ও অসহায় অবস্থায় আছি।’

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল পাল্টা অভিযোগ করে বলেন, ‘ভাউচারের টাকা পাস করার এখতিয়ার সভাপতির, আমার নয়।

বিষয়টি নিয়ে সাজু ভাই গত বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেস ক্লাবে সন্ধ্যায় গিয়ে প্রেস ক্লাবের সভাপতি অর্থাৎ ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন বাবুল ভাইকে গিয়ে আমাকে মারধরের হুমকি দিয়েছিলেন।

আজ সকাল ১০টা ৩৬ মিনিটে তিনি অফিস কক্ষে এসে আমার গলা চেপে ধরেন ও গালে থাপ্পড় মারেন।’

চায়ের দোকানদার তরিকুল ইসলাম জানান, ‘পাইলট স্কুলের পাঁচ-ছয়জন শিক্ষক আমার দোকানে চা খেতে এসেছিলেন। চা বানানোর সময় হঠাৎ ১২-১৫ জন যুবক এসে সাজু স্যারকে মারধর শুরু করেন এবং লাথি মেরে বাইরে নেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে আমার দোকানের প্রায় ১১টি গ্লাস ভেঙে গেছে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদশা, রাজু, সোহেল ও নেসার উদ্দিন জানান, শিক্ষকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। তবে বিদ্যালয়ের ভেতরে দুই শিক্ষকের হাতাহাতি এবং পরে প্রকাশ্যে চায়ের দোকানে সহকারী প্রধান শিক্ষককে এভাবে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শিরিন বানু মুঠোফোনে বলেন, ‘সাজু দায়িত্বে থাকাকালীন কিছু টাকা পাবেন বলে আমাকে জানিয়েছিলেন। আমি তাঁকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ম অনুযায়ী তা বুঝে নিতে বলেছিলাম।

কিন্তু আজ শুনলাম, তিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গায়ে হাত তুলেছেন এবং পরে তাঁকেও মারধর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় আছি। সুস্থ হয়ে ফিরে সবার সঙ্গে বসে বিষয়টি তদন্ত করে সমাধানের চেষ্টা করব।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও পরে একজন শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now