এতিমখানায় না থেকেও ১০০ শিশু পাচ্ছে বিশেষ ভাতা, আশ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট: October 5, 2026 |
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ এতিম শিশুরা অনেক সময় পরিবার ও অভিভাবকের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে সমাজের নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। অভিভাবকহীনতার কারণে তাদের প্রতি সমাজের একটি অংশ অবহেলা ও বৈষম্যমূলক আচরণ করে, ফলে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বেড়ে ওঠার ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ও যত্নের অভাবে এসব শিশুর শৈশব অনিশ্চয়তা ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাটে।

এসব শিশুর সুরক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে ‘Child Safeguarding, Health & Hygiene’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

শনিবার (০৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও এলাকার আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শতাধিক এতিম শিশু অংশ নেয় এবং তাদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

‘Penny Appeal’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি যৌথভাবে বাস্তবায়ন করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও Send A Little Hope, UK. এ প্রকল্পের আওতায় ১০০ জন এতিম শিশুকে প্রত্যেককে প্রতি মাসে ৩ হাজার ৩৬০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হয়।

কর্মসূচিতে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি শিশুদের সুরক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব নিয়েও আলোচনা করা হয়।

কর্মসূচির একটি অংশ হিসেবে এতিম শিশুদের জন্য চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। শিশুরা নিজেদের ইচ্ছা ও সৃজনশীলতা অনুযায়ী চিত্রাঙ্কনে অংশ নেয়, যা তাদের আনন্দের পাশাপাশি সৃজনশীল বিকাশেও ভূমিকা রাখে।

এ আয়োজনের বিষয়ে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, শিশুদের নিরাপদ, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের সুরক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কার্যক্রম শিশুদের পাশাপাশি অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যেও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিন, চিকিৎসক মোহাম্মদ এনামুল হক এবং পূবালী ব্যাংক বারৈয়ারহাট শাখার ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইন।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, শিক্ষক, সংশ্লিষ্ট ব্যক্তি এবং অংশগ্রহণকারী এতিম শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির বার্তা দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর