জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

আপডেট: November 10, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে বিশাল র‍্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

এ ছাড়া বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সদস্যসচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share Now