জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

আপডেট: November 10, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি রাখা হয়নি।

এ ছাড়া অনুষ্ঠানে এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেন। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল।

বিবৃতিতে অবিলম্বে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করা হয়।

received 1706226114358668

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এ বিবৃতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম।

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ।

উল্লেখ্য, গত শনিবার (৭ নভেম্বর) জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে প্রথমে অসন্তোষ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করে অনুষ্ঠান শুরু করা হলেও এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

Share Now